এসএসসিতে পাসের হার ৯৩.৫৮, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ লাখ ৮৩ হাজার

গেজেট ডেস্ক

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৯৩.৫৮। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪.০৮। এবারে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

বোর্ড অনুযায়ী পাসের হার ঢাকা বোর্ডে ৯০.১২ শতাংশ, সিলেট বোর্ডে ৯৬.৭৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৯০.১৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯৬.২৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৯৪.৮০ শতাংশ, রাজশাহী ৯৪.৭১, চট্টগ্রাম বোর্ডে ৯১.১০ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৯৭.৫২ শতাংশ।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। অন্যদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর পক্ষে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রধানের কাছ থেকে গ্রহণ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

১০টা ৪৭ মিনিটে প্রধানমন্ত্রী ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমি সকল শিক্ষাবোর্ডের ফলাফল ঘোষণা করছি। ফলাফল ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং অনলাইনেও জানা যাবে।’

গত ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেয়া হয়।

এবারের এসএসসি পরীক্ষা হয় শুধু নৈর্বাচনিক বিষয়ে। অন্যান্য আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়া হয়।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে পরীক্ষা হয় নভেম্বরে।

ফল জানা যাবে যেভাবে

বেলা ১২টায় একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

মোবাইলে ফল

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: SSC DHA 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: Dakhil MAD 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ওয়েবসাইটে ফল

নির্ধারিত ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, পরীক্ষার নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিটি বাটনে ক্লিক করে ফল জানা যাবে।

ওয়েবসাইট থেকে ফল পেতে এখানে ক্লিক করুন:

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন