সোমবার । ৯ই মার্চ, ২০২৬ । ২৪শে ফাল্গুন, ১৪৩২

আন্তর্জাতিক নারী দিবসে জামায়াত আমিরের বিশেষ বার্তা

গেজেট প্রতিবেদন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, “পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাবে; কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতন বৈষম্য দূর হবে; এবং সমাজের প্রতিটি নারী নিরাপত্তা ও মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবে।”

তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। একইসঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি— নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি ন্যায়ভিত্তিক সমাজই নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে। ধর্ম, মত ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নারী আমাদের সম্মান ও সহযোগিতার দাবিদার। এটিই মহান আল্লাহ তা’আলার বিধান।”

পরিশেষে একটি নিরাপদ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, “আসুন, আমরা সবাই মিলে এমন একটি দেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নারী নিরাপদ ও সম্মানিত সম্মানিত ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে।”

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন