কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই শোকবার্তা দেন তিনি।
জামায়াত আমির বলেন, নিহতদের পরিবারগুলোর শোক কখনোই পূরণ হওয়ার নয়। নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, এই মর্মান্তিক ঘটনাগুলো আবারও প্রমাণ করে, আমাদের পরিবহনব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনছে। এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।
শফিকুর রহমান নিহতের জন্য দোয়া চেয়ে আরও বলেন, আল্লাহ তাআলা নিহতদের শহীদের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন। আমীন।
খুলনা গেজেট/এএজে

