মিথ্যা মামলা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মুখ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রবিবার (৮ মার্চ) বরিশাল নগরীর হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির উদ্যোগে বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, ‘আবারও আওয়ামীলীগের মতো হয়রানি মূলক মামলা দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা বলতে চাই, মামলা দিয়ে পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না। এক পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে।’
বিএনপিকে আওয়ামীলীগের মতো করে দেখতে চান না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ফ্যাসিবাদ বিরোধী দল। গণঅভ্যুত্থানে বিএনপি নেতাকর্মীরা রাজপথে ছিল। কিন্তু বিএনপি যদি রক্তের সঙ্গে বেঈমানি করে আওয়ামীলীগ আর ভারতের সঙ্গে আঁতাত করে, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের আশ্রয় দেয় তাহলে আমাদের রাজপথে প্রতিরোধ ছাড়া উপায় থাকবে না।’
বরিশালের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে নাহিদ আরও বলেন, জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে আমাদের অনেক প্রার্থীকে হারিয়ে দেয়া হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোনো কারচুপি মেনে নেয়া হবে না।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ।
এনসিপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের বরিশাল বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমএনএস

