সোমবার । ৯ই মার্চ, ২০২৬ । ২৪শে ফাল্গুন, ১৪৩২

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : জামায়াত সেক্রেটারি

গেজেট প্রতিবেদন

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (৮ মার্চ) নগরীর একে স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত সেক্রেটারি বলেন, মনে রাখবেন, আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছে জনগণ। তাছাড়া আসন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সকল নির্বাচনে অংশ নেব আমরা। জনগণ সেখানেও তাদের জবাব দেবে।

তিনি রমজানের ফজিলত সম্পর্কে বলেন, কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। এটি শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসেনি, এটি বিশ্ব মানবতার জীবন বিধান। এটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ন্যায় বিচার প্রতিষ্ঠার কিতাব কোরআন। এ বিধান ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে কায়েম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই কোন মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধানকে বিশ্বাস করতে পারেনা। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যদি তাকওয়াবান মানুষদের দায়িত্ব দেয়া যায় তাহলেই কোরআনের সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ওসি, ডিসি, এমপি মন্ত্রী সবাই যদি তাকওয়াবান হন তাহলে কোন অনিয়ম, জুলুম সমাজে থাকবেনা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে ও বরিশাল মহানগর সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিকের সঞ্চালনা।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন