বিভিন্ন সিটি করপোরেশনে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার নিন্দা জানিয়েছে বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দলটি নিন্দা জানায়।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘এখানে সচ্ছতার অভাব রয়েছে। নির্বাচনের কোনও ডেডলাইন বা সময়সীমাও উল্লেখ নেই। যে নতুন বাংলাদেশের কথা বলা হয়, সেখানে এ ধরনের নিয়োগ গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।’
তিনি বলেন, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন। সরকারের তরফ থেকে দ্রুত রোডম্যাপ দেয়ার দাবি জানাচ্ছি।
গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা হতে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।
খুলনা গেজেট/এমএনএস

