কালভার্ট নির্মাণ কাজে ধীরগতি ভোগান্তিতে হাজারো মানুষ

শ্যামনগর প্রতিনিধি

শ্যামনগর উপজেলার নুরনগর ফুটবল মাঠ সংলগ্ন রাস্তায় কালভার্ট নির্মাণ কাজের চরম ধীরগতি ও অবহেলায় চরম দুর্ভোগে পড়েছেন এই পথে চলাচলকারী সহস্রাধিক মানুষ। বিকল্প হিসেবে তৈরি করা মাটির ডাইভারশন (বিকল্প রাস্তা) সড়কটি সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি চরম বিপাকে পড়েছে নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়, মহিলা মাদ্রাসাসহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রী। উপজেলা প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারের দায়িত্বজ্ঞানহীনতা এবং অবহেলাকে এ দুর্ভোগের জন্য দায়ী করছেন স্থানীয় ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যোগাযোগের একমাত্র মাধ্যম এই রাস্তাটি। সম্প্রতি এই রাস্তার ওপর একটি কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়। নিয়ম অনুযায়ী মূল রাস্তা কেটে কাজ শুরু করার আগে জনগণের চলাচলের জন্য একটি শক্ত ও টেকসই বিকল্প রাস্তা (ডাইভারশন) তৈরি করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নামমাত্র মাটির রাস্তা তৈরি করে কাজ ফেলে রাখে। বর্তমানে বৃষ্টি শুরু হওয়ায় বিকল্প রাস্তাটি চলাচলের অনপুযোগী হয়ে হয়েছে।

সরেজমিন দেখা যায়, উপজেলা সদরে ও অন্যান্য ইউনিয়নে যাতায়াতকারীরা কাদার মধ্য অত্যন্ত ঝুঁকি নিয়ে পার হচ্ছে। অনেক পথচারী পিছলে পড়ে আহত হচ্ছেন। রাস্তায় যে কোনো প্রকার যানবাহন ঠিকভাবে চলাচল করতে পারছে না। ফলে কোনো জরুরি রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঠিকাদার এবং উপজেলা প্রকৌশলী কার্যালয়ের তদারকির অভাবে এই জনদুর্ভোগ তৈরি হয়েছে। কাজ শুরুর পর দীর্ঘদিন পার হলেও কালভার্ট নির্মাণের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।”

নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, বর্ষা মৌসুমে কাঁদার মধ্যে দিয়ে তাদের স্কুলে আসতে হচ্ছে। অবিলম্বে রাস্তাটি চলাচলের উপযোগী না করলে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হবে।

হাজীপুর গ্রামের বাসিন্দা কামাল আহমেদকে নিয়মিত উপজেলা সদর হাসপাতালে যেতে হয় চিকিৎসা নিতে। তিনিসহ অসংখ্য রোগীদের এই খারাপ রাস্তার কারণে চিকিৎসা সেবা নিতে সমস্যা হচ্ছে।

ইউপি সদস্য মোঃ লাচ্চু বলেন, ঠিকাদারকে দ্রুত কালভার্টের অসমাপ্ত কাজ শেষ করতে এবং বিকল্প রাস্তা দ্রুত চলাচলের উপযোগী করতে তাগিদ দেওয়া হয়েছে।

ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে অবিলম্বে কালভার্ট নির্মাণ কাজ শেষ করা এবং জরুরি ভিত্তিতে বিকল্প রাস্তায় ইট বা খোয়া বিছিয়ে চলাচলের উপযোগী করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন