সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের বংশিপুর গ্রামের সৈকত মুখার্জি নামের একাদশ শ্রেণীর এক ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (২রা মে) বেলা ১২ টার দিকে এ খবর নিশ্চিত করেন নিহতের পিতা বংশিপুর আশা পেট্রোল পাম্পের তেল সরবরাহকারী আদিত্য মুখার্জি।
পারিবারিক সূত্রে জানা যায়, ছেলেটির সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার অন্য জায়গায় বিয়ে ঠিক করায় মনের কষ্টে সৈকত আত্মহত্যা করে। এদিকে সৈকতের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে মেয়ের পরিবার গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মো: শাকির হোসেন জানান, হাসপাতালে আনার আগে সৈকতের মৃত্যু হয়েছিলো। তার গলায় ফাঁস দেয়ার চিহ্ন পাওয়া গেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে তবে অধিক তদন্তের স্বার্থে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানাতে পারব।
খুলনা গেজেট/এনএম

