বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

শ্যামনগর প্রতিনিধি

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত ‘নানা ভাই বাহিনী’র হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

উদ্ধার হওয়া জেলেরা হলেন— রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাইল শানা (২৪), যারা খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা; এবং রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮), যারা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গত শনিবার (৭ মার্চ) ৬ জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানা ভাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। পরবর্তীতে মো. কবির নামের এক ব্যক্তি তার ভাইকে ১০ দিন ধরে জিম্মি রেখে মুক্তিপণ দাবির বিষয়টি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে জানান।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে মঙ্গলবার ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে ডাকাতদের কাছে জিম্মি থাকা ৬ জন জেলেকে উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভেতরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন