রবিবার । ১৫ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

শ্যামনগরে খোলপেটুয়া নদীর পাড় ভাঙন রোধে বালু ভর্তি জিও বস্তা ডাম্পিং শুরু

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বনবিভাগ অফিস ও উপকূলীয় প্রেসক্লাব সংলগ্ন খোলপেটুয়া নদীর পাড় ভাঙন রোধে বালু ভর্তি জিও বস্তা ডাম্পিং কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গতকাল শুক্রবার দুপুর থেকে নদীর ঝুঁকিপূর্ণ অংশে এসব জিও বস্তা ফেলা হচ্ছে। এ কাজ চলবে রবিবার পর্যন্ত।

জানা যায়, দীর্ঘদিন ধরে খোলপেটুয়া নদীর তীব্র স্রোত ও জোয়ার-ভাটার প্রভাবে বুড়িগোয়ালিনী বনবিভাগ অফিস সংলগ্ন নদীর পাড়ে ভাঙন দেখা দেয়। এতে বনবিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনা ও আশপাশের এলাকা হুমকির মুখে পড়ে। স্থানীয়দের উদ্বেগের প্রেক্ষিতে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও বস্তা ফেলে পাড় সংরক্ষণের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি বাবলু রহমান, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক, সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন এবং উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত কর্মকর্তারা জানান, খোলপেটুয়া নদীর এই অংশে ভাঙন রোধে আপাতত জিও বস্তা ফেলে নদীর পাড় সুরক্ষার কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী আরও জিও বস্তা ফেলে এলাকা সুরক্ষিত করার পরিকল্পনা রয়েছে।

নীলডুমুর বাজার ব্যবসায়ী মহশিন গাজী আশা প্রকাশ করেন, দ্রুত এই কাজ শেষ হলে খোলপেটুয়া নদীর ভাঙন থেকে বনবিভাগের অফিস, নীলডুমুর বাজারসহ আশপাশের এলাকা রক্ষা পাবে। পাশাপাশি তারা স্থায়ীভাবে নদী তীর সংরক্ষণের জন্য সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা বলেন খোলপেটুয়া নদীর উপকূলবর্তী সাতক্ষীরায় রেঞ্জ অফিস সংলগ্ন স্থানে অতি দ্রুত পর্যাপ্ত পরিমাণ জিও বস্তা ডাম্পিং এবং বোলাক না দেওয়া হলে এখানের ভাঙন রোধ করা যাবে না, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন