বুধবার । ৩রা জুন, ২০২৬ । ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

মরদেহ নিয়ে ফেরার পথে নড়াইলে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-নড়াইল মহাসড়কের সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পুলিশের উপপরিদর্শক (এসআই) তাহের হোসেনের মা জাহানারা বেগম (৫৫)। তিনি যশোরের পুলেরহাট এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী। অপর নিহত ব্যক্তি অ্যাম্বুলেন্স চালক মো. আকবর হোসেন (২৯)। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পূর্ব চর কলাকোপা গ্রামের আব্দুল হাসিমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুলিশ স্টাফ কলেজে কর্মরত এসআই তাহের হোসেনের বাবা ইসমাইল হোসেন বুধবার ভোররাতে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যান। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি যশোরে নেওয়া হচ্ছিল। এ সময় অ্যাম্বুলেন্সে তাহের হোসেনের মা জাহানারা বেগমসহ পরিবারের কয়েকজন সদস্য ছিলেন।

পথে ঢাকা-নড়াইল মহাসড়কের পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোর থেকে ভাটিয়াপাড়াগামী একটি বেপরোয়া গতির লোকাল বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই জাহানারা বেগম নিহত হন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে রয়েছেন এসআই তাহের হোসেন, সেলিম, মিন্টু, তানভীর ও বাসযাত্রী সায়েরা। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু জানান, অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন