বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

নড়াইলে নবজাতককে গলায় গামছা পেঁচিয়ে হত্যা, মা আটক

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক নবজাতক শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজ মা আরিফা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা বেগমের সঙ্গে প্রায় দেড় বছর আগে রামেশ্বরপুর গ্রামের প্রবাসী চান মানিক মোল্যার বিয়ে হয়। তাদের ঘরে জন্ম নেয় কন্যা শিশু তাবাসসুম। সন্তান জন্মের পর আরিফা স্বামীর বাড়িতেই অবস্থান করছিলেন। তবে প্রায় এক মাস আগে তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে যে শিশুটির মা তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এসময় তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

নিহত শিশুর চাচা শামিম মোল্যা জানান, তার ভাই বিদেশ থেকে আগের দিন দেশে ফেরার কথা জানালেও সকালে ফোন পেয়ে তিনি জানতে পারেন তার ভাতিজি আর বেঁচে নেই। ঘটনাস্থলে এসে শিশুটির গলায় আঘাতের চিহ্ন দেখতে পান বলেও দাবি করেন তিনি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন