মেহেরপুরে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

গেজেট প্রতিবেদন

মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে সাগরী খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীর ভবানীপুর অংশ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় ক্যাম্প পুলিশের সদস্যরা।

নিহত সাগরী খাতুন উপজেলার ভবানীপুর গ্রামের জামরুল ইসলামের স্ত্রী। তাদের দেড় বছরের একটি সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে কয়েকজন ব্যক্তি নদীর পানিতে সাগরীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে স্থানীয় ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, নিজের ও সন্তানের কাপড়-চোপড় ধোয়ার জন্য বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে নেমেছিলেন সাগরী। এ সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে তলিয়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। পরে মরদেহটি নদীর পানিতে ভেসে ওঠে।

নিহতের স্বামী জামরুল ইসলাম বলেন, সকালে তিনি কাজে গিয়েছিলেন। পরে খবর পান, তার স্ত্রী নদীতে ডুবে মারা গেছেন। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসেন তিনি।

ভবানীপুর গ্রামের ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, সাগরী খাতুনকে নদীর পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে তীরে তোলেন। পরে দেখা যায়, তিনি মারা গেছেন। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন