মাগুরা সদর উপজেলার দক্ষিণ মির্জাপুর গ্রামে নাজির মন্ডল (৬০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। তিনি একই গ্রামের মৃত ফটিক মন্ডলের ছেলে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বাড়ির পাশের একটি লিচু বাগানে গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে প্রতিবেশীরা তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের প্রতিবেশি জামিরুল জানান, সন্ধ্যার পর থেকে নাজির মন্ডলকে খুজে পাচ্ছিল না তার পরিবারের সদস্যরা। এই ঘটনা জানার পর পরিবারের সদস্যসহ এলাকাবাসী গ্রামের বিভিন্ন এলাকায় তার খোঁজ করতে শুরু করে। এক পর্যায়ে তার খোঁজ পেতে স্থানীয় মসজিদের মাইকে গ্রামবাসীকে জানানো হয়। পরে সকালে বাড়ির পাশে একটি লিচু বাগান থেকে গাছে গলায় ফাঁস নেওয়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
প্রতিবেশিরা আরও জানান, প্রায় ১ মাস ধরে তিনি মানসিক হতাশাগ্রস্থ অবস্থায় চলাফেরা করতেন। তার মৃত্যুর পর আমরা জানতে পেরেছি কয়েকজন পাওনাদার তার মৃত্যুর খবর শুনে কয়েক লাখ টাকা পাবে বলে দাবি করছেন। এটি আত্মহত্যা না হত্যা তা আমরা বলতে পারবো না। বিষয়টি মাগুরা সদর থানায় জানানো হয়েছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তফা আল মামুন জানান, সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় একটি মরদেহ এসেছে। হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে।
মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে প্রকৃত ঘটনা।
খুলনা গেজেট/এনএম

