সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

১০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

গেজেট প্রতিবেদন

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার বিরুদ্ধে ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৪১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্তে নামে দুদক। এ সময় তার পুরো সম্পদের বিবরণী দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ধারা ২৬ এর উপধারা (১) মোতাবেক দুর্নীতি দমন কমিশন কর্তৃক সম্পদ বিবরণী ফরম তার নিজ ঠিকানায় জারি করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করেননি তিনি।

এজাহার সূত্রে আরও জানা যায়, দুদকের অনুসন্ধানে ১০ কোটি ৯ লাখ ৬৮হাজার ৯৪১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন মর্মে প্রাথমিক অনুসন্ধানে পরিলক্ষিত হয়। যার কারণে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার বিরুদ্ধে মামলা করেন।

আতাউর রহমান আতা ভেড়ামারা উপজেলার বাহির চর এলাকার ষোলদাগ উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন