কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউটিউব ভিলেজ পার্কের চৌবাচ্চা থেকে মহাবিপন্ন প্রাণী ‘ঘড়িয়াল’ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঘড়িয়ালটি উদ্ধার করে বনবিভাগের কর্মকর্তারা।
ঘড়িয়ালের দৈর্ঘ্য ২ ফুট ৬ ইঞ্চি। এছাড়া একই স্থান থেকে তিনটি কাছিম উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবর মাসে শিমুলিয়ার একটি বিল থেকে এক জেলের জালে ঘড়িয়ালটি ধরা পড়ে। এরপর ওই জেলেরা নামমাত্র টাকায় এটিকে খোকসার শিমুলিয়া ইউটিউব ভিলেজ পার্ক মালিক দেলোয়ার হোসেনের কাছে বিক্রি করে দেন। পার্কের মালিক ঘড়িয়ালটিকে পার্কের ভিতরের একটি চৌবাচ্চায় জরাজীর্ণ অবস্থায় রেখে দেন। খোকসা ও কুষ্টিয়া বনবিভাগ কর্মকর্তারা খবর পেয়ে আজ মঙ্গলবার বিকেলে পার্কটিতে অভিযান চালিয়ে মহাবিপন্ন প্রাণী ঘড়িয়াল ও ৩টি কাছিম উদ্ধার করে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, ১৯৭০ দশক থেকে মহাবিপন্ন প্রায় মিঠাপানির প্রাণী ঘড়িয়াল। বর্তমানে বাংলাদেশে চারটির মতো বড় ঘড়িয়াল নদীতে থাকার সম্ভাবণা রয়েছে।
শিমুলিয়া ইউটিউব ভিলেজ পার্কের মালিক দেলোয়ার হোসেন বলেন, অক্টোবর মাসে জেলের জালে ধরা পড়েছিল ঘড়িয়ালটি। ওই জেলেকে কিছু টাকা দিয়ে ঘড়িয়ালটি ক্রয় করে পার্কে রেখেছিলাম। তবে এভাবে প্রাণিটিকে রাখা অবৈধ তা জানা ছিলোনা।
বনবিভাগের ডেপুটি রেঞ্জার (ভারপ্রাপ্ত) মো. আবু বকর সিদ্দিক বলেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ইউটিউব ভিলেজ পার্ক থেকে মহাবিপন্ন একটি ঘড়িয়াল ও তিনটি কাছিম উদ্ধার করা হয়েছে। এগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী ঘড়িয়াল ও কাছিম ধরা, মারা ও সংরক্ষণ করা বেআইনী। পরবর্তীতে বিধিমতে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এএজে

