প্রাইমারী সহকারী শিক্ষক প্রাক নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ফাঁসের অভিযোগে তিনজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককেই ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) খুলনার সাইবার ট্রাইব্যুনাল আদালত (সিনিয়র জেলা ও দায়রা জজ) এর বিচারক অরুণাভ চক্রবর্ত্তী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী গোপাল চন্দ্র পাল।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রেশমা খাতুন, ফেরদৌসী আফরোজ ওরফে মুনা ও আবুল হাসান। খালাসপ্রাপ্ত আসামি হলেন, মাহবুবুর রহমান।

