খুলনা শহরের যানজট নিরসন, যানবাহনের চালক যাত্রী ও পথচারীদের ভোগান্তি দূরীকরণ ও জনসাধারণের যাতায়াত সহজীকরণে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) নগরীর বাস্তুহারা-সিটি বাইপাস রোড হতে পুরাতন সাতক্ষীরা সড়কের (আড়ংঘাটা গাইকুড়) পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ করছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। সড়কটি নির্মিত হলে আড়ংঘাটা, দেয়ানা, দৌলতপুর, পাবলা ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের যোগাযোগ সহজতর হবে বলে কেডিএ’র নির্বাহী প্রকৌশলী মোরতোজা আল মামুন জানিয়েছেন।
খুলনা গেজেটকে তিনি বলেন, সড়কটির নির্মাণ কাজ শেষ হলে এ পথ ব্যবহার করে যানবাহন খুব সহজেই শহরে প্রবেশ করতে পারবে। যানবাহনের চালক ও যাত্রীদের মূল্যবান সময় ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি এলাকার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে।
তিনি বলেন, দুই দশমিক ৭০ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণের জন্য ২০২৪ সালে আগস্টে দরপত্র আহ্বান করা হয়। মন্ত্রণালয়ের অনুমোদনের পর ২০২৪ সালের অক্টোবরে আইএইচ-আরএসই (জেভি) নামে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়কটি নির্মাণে কার্যাদেশ দেওয়া হয়। প্রথম অবস্থায় মেয়াদ ১৪ মাস নির্ধারিত হলেও জমির দখল জেলা প্রশাসকের কার্যালয় হতে বুঝে নিয়ে কাজ শুরু করতে বিলম্ব হয়। পরবর্তীতে কাজের অগ্রগতি বিবেচনায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয় চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। দুই লেন বিশিষ্ট সড়কটির ইতোমধ্যে ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকি কাজ সম্পন্ন হবে। এরপর যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করা হবে।
তিনি আরও বলেন, সড়কটি যাতে টেকসই ও মজবুত হয় এ কারণে সাত দশমিক তিন মিটার প্রশস্ত পেভমেন্ট, দুইটি বক্স কালভার্ট, পানি নিষ্কাশনে একাধিক ক্রস ড্রেন নির্মাণ, সাইন সিগন্যাল রোড মার্কিংসহ বৈদ্যুতিক কাজ করা হবে। এছাড়া সড়কের সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগানো হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান আরএসই’র প্রকল্প ম্যানেজার প্রকৌশলী আবু নাহিদ বলেন, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার প্রচেষ্টা রয়েছে। ইতোমধ্যে সড়কের ৬৫ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বর্ষার কারণে কাজে কিছুটা প্রতিবন্ধকতা হচ্ছে। আশা করি ডিসেম্বরের মধ্যেই কাজটি সম্পন্ন হবে।
খুলনা গেজেট/এনএম

