খুলনাবাসীর দাবীর প্রেক্ষিতে জিরোপয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। রবিবার (১৬ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ ঘোষণা করেন।
এ সময় মন্ত্রী বলেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে। এজন্য বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংস্কৃতির মাধ্যমে একটি দেশের সাথে অন্য দেশের মেলবন্ধন সম্ভব যা অনেক সময় পররাষ্ট্রনীতি দিয়েও সম্ভব হয় না।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মো.মোস্তাফিজুর রহমান।
সভায় নজরুল সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু: বিল্লাল হোসেন খান।
মতবিনিময় সভায় বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাসাস, নজরুল গবেষক, নজরুল একাডেমি, নজরুল সাহিত্য প্রেমী, শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সামাজিক-সাংস্কৃতিককর্মীরা অংশ নেন।
খুলনা গেজেট/এএজে

