দৈনিক খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক ও ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলমের মাতা হাজরা খাতুন (৮৬) শুক্রবার (১৪ আগস্ট) ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ৬ আগস্ট তিনি ঘরের জানালা খুলতে গিয়ে পড়ে যান এবং পা ভেঙে যায়। তাঁকে পরেরদিন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খুলনা মহানগরীর নিরালা প্রান্তিকা ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন প্রান্তিকা জামে মসজিদের ইমাম মাওলানা এমরান হোসাইন। জানাজায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি কেডিএ’র চেয়ারম্যান এডভোকেট এস এম শফিকুল আলম মনা, কেসিসির সাবেক মেয়র ও খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি, খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুন অর রশীদ খান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল হাই মোহাম্মদ আনাছ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
এরপর তাঁর কফিন গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দরগাহপুর মাদরাসা প্রাঙ্গণ দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়েছে।
এদিকে সাংবাদিক শেখ দিদারুল আলমের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক খুলনা গেজেট সম্পাদক মো. মাহমুদ আহসানসহ গেজেট পরিবার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও এমইউজে খুলনার নেতৃবৃন্দ।
শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম

