সোমবার । ২২শে জুন, ২০২৬ । ৮ই আষাঢ়, ১৪৩৩

মসজিদে গুলির ঘটনায় আদালতে গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক

দৌলতপুরে মসজিদে প্রবেশ করে দু’মুসল্লির ওপর গুলির ঘটনায় আটক সাজ্জাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে এ ঘটনায় মূল হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির বলেন, ‘ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতা থেকে এ হামলার সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার আগের রাতে তিনজন হামলাকারী সাজ্জাদ নামে এক যুবকের বাসায় অবস্থান করে। ভোর রাতে তারা মটরসাইকেলে চড়ে মসজিদের সামনে আসে। নামাজ শেষে লোকমান হাকিম ও আলম শেখের ওপর হামলা চালায়। তারা দৌলতপুর বাজার থেকে ঢুকে কাজ শেষে বিএল কলেজ রাস্তা হয়ে বের হয়ে যায়।

এ ঘটনায় সাজ্জাদকে গত ১৮ তারিখ সন্ধ্যায় দৌলতপুর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তবে হামলার সময় গ্রেপ্তার যুবক ঘটনাস্থলে উপস্থিত ছিল না। কিন্তু যারা এ হামলা ঘটিয়েছে তারা তার খুব পরিচিত। তদন্তের স্বার্থে কিছুই বলা সম্ভব হচ্ছে না। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, গত ১৪ জুন ফজরের নামাজ শেষে কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে লোকমান ও আলম নামে দু’ব্যক্তি গুরুতর আহত হন। লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে কোরআন তেলোয়াত করছিলেন। স্থানীয় মুসল্লিরা তাদের দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন