সোমবার । ১৩ই এপ্রিল, ২০২৬ । ৩০শে চৈত্র, ১৪৩২

খুলনায় সরকার নির্ধারিত দরে গ্যাস বিক্রি হচ্ছে না, ক্রেতারা বিপাকে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় সরকার নির্ধারিত দরে গ্যাস বিক্রি করছেন না ব্যবসায়ীরা। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করেই সরকার নির্ধারিত দরের থেকে অতিরিক্ত দামে বিক্রি করছেন। নগরীর কয়েকটি দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে গণমাধ্যমকর্মীর উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীদের অনেককেই সরকার নির্ধারিত দরে গ্যসের সিলিন্ডার বিক্রি করতে দেখা গেছে।

বর্তমানে ব্যবসায়ীরা যমুনা গ্যাস বিক্রি করছেন ১ হাজার ৮৬০ টাকায়। একইভাবে সেনা গ্যাস ১ হাজার ৭৬০ টাকা, বসুন্ধরা ১ হাজার ৯৫০ টাকা, ওমেরা ১ হাজার ৮৫০ টাকা এবং আই গ্যাস ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। অথচ এ মাসের প্রথম দিকেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন খুচরা পর্যায়ে ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু ব্যবসায়ীদের অধিকাংশের দাবি কোম্পানির দাম বাড়তি থাকায় সরকার নির্ধারিত দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হচ্ছেনা।

খুলনার বাবু খান রোডে অবস্থিত আসাদ স্টোরের হাসিব জানান, ‘কোম্পানি থেকে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। সরকার নির্ধারিত দরে বিক্রি করতে গেলে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব।’

নগরীর শিববাড়ি মোড়ে মেসার্স মাসুম ব্রাদার্সের মালিক পারভেজ বলেন, ‘কোম্পানি থেকে আমাকে ১ হাজার ৮০০ টাকায় গ্যাস কিনতে হচ্ছে। আর সরকারি দর ১ হাজার ৭২৮ টাকা। লোকশানে গ্যাস বিক্রি করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

এদিকে নগরীর পাড়া-মহল্লার খুচরা দোকানগুলোর চিত্র আরও ভয়াবহ। তারা এ প্রতিবেদককে জানায়, সরকারি রেটে গ্যাস বিক্রি করছেন তারা। কিন্তু পরিবহন ও সংযোগ ফি দিয়ে তারা ১২ কেজি ওজনে প্রতিটি সিলিন্ডার ১ হাজার ৯৫০ টাকায় বিক্রি করছেন। গণমাধ্যমের পরিচয় পেয়ে বিক্রি বন্ধ করে দেন অনেক ব্যবসায়ী। ক্রেতাদের জানিয়ে দেন তাদের কোন গ্যাস নেই। অথচ ওই সকল ব্যবসায়ীদের ঘরে অনেক গ্যাস মজুত থাকতে দেখা যায়।

কথা হয় আহসান আহমেদ রোডের বাসিন্দা আহসান বলেন, ‘দাম বৃদ্ধির আগে সরকারি দর ছিল ১ হাজার ৩৪১ টাকা। কিন্তু সে সময়ে গ্যাস কিনতে হয়েছে ১ হাজার ৫০০ টাকায়। বর্তমানে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে তার থেকে আরও বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন