বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

দাকোপে উপজেলা চেয়ারম্যান পদে প্রচারণায় বিএনপির সম্ভাব্য ৫ প্রার্থী, মাঠে নেই জামায়াত

আজগর হোসেন ছাব্বির, দাকোপ

বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর উপজেলা পরিষদ নির্বাচনের আলোচনা শুরু হয়েছে। উপকূলীয় উপজেলা দাকোপে সম্ভাব্য প্রার্থীরা আগে ভাগেই মাঠে নেমেছেন প্রচারণায়।

চারপাশে নদী বেষ্টিত সুন্দরবনের কোল ঘেঁষা উপজেলা দাকোপ। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এ উপজেলা বরাবরই আওয়ামীলীগের দুর্গ হিসাবে পরিচিত। গত ৫ জুন’২৪ অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এখানে বিজয়ী হয়েছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল হোসেন। সংসদ নির্বাচনের পর এবার উপজেলা পরিষদ নির্বাচনেও প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে প্রথম বারের মত বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হওয়ার স্বপ্নে বিভোর। সে লক্ষ্যে দলীয় সমর্থন প্রত্যাশায় বিএনপির ৫ নেতা নির্বাচনি প্রচারণায় মাঠে নেমেছেন। ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত দাকোপ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৭ হাজার ৬১৮ জন। যার মধ্যে পুরুষ ৬৮ হাজার ৭৯১ এবং নারী ৬৮ হাজার ৮২৭ জন।

বিএনপি সমর্থিত প্রার্থী হওয়ার দৌড়ে যাদের নাম আলোচনায় উঠে এসেছে তারা হলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান জেলা সদস্য আশরাফুল আলম নান্নু, খুলনা জেলা সদস্য এবং চালনা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শেখ শাকিল আহমেদ দিলু, জেলা বিএনপির সদস্য জি এম রফিকুল ইসলাম এবং দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান। তাদের মধ্যে আশরাফুল আলম নান্নু, জি এম রফিকুল ইসলাম এবং আব্দুল মান্নান খান ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিএনপির বাইরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে গণসংযোগে মাঠে আছেন খুলনা জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. এম এম রুহুলামিন। তবে সংসদের প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী বা তাদের সমমনা জোটের পক্ষে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে কেউ এখনো মাঠে নামেনি।

এ ব্যাপারে দাকোপ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ওয়াহিদুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি বলেন ‘উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার বিষয়ে দলীয়ভাবে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।’

অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হিসাবে এখন পর্যন্ত কাউকে গনসংযোগে মাঠে দেখা মেলেনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন