বাগেরহাটের ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশুকন্যা রাফছাকে উদ্ধার করেছে পুলিশ ও র্যাব-৬ এর একটি দল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।
অপহৃত শিশুকন্যা রাফছা ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আ: রশিদ খানের মেয়ে। অপহরণের অভিযোগে গ্রেপ্তার নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা আ: রশিদ খানের বাড়ির পাশে রাঙ্গা মিয়ার বাড়িতে বসবাস করত নয়ন। তারা উভয়ই একে অপরের বাড়িতে যাতায়াত করত। গত বুধবার বেলা ১১ টার দিকে রশিদের স্ত্রী তুলি বেগমের কোলে থাকা রাফছাকে নয়নের স্ত্রী কোলে নিতে আসে। এরপর মেয়েকে নিয়ে নয়নের স্ত্রী তাদের বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর নয়নের স্ত্রীর খোঁজ নিতে তাদের বাড়িতে গেলে জানতে পারে দোকানে খাবার ক্রয়ের জন্য রাফছাকে সাথে নিয়ে গেছে নয়ন। কিছু সময় অতিবাহিত হলেও তারা ফিরে না আসায় বিভিন্ন স্থানে সন্তানের খোঁজ নিতে থাকে রশিদ দম্পতি। পরবর্তীতে মোবাইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা হলে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলতে থাকে। সন্তানকে ফেরত পেতে তারা টাকারও দাবি করে। দাবিকৃত টাকা না দিলে রাফছাকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে। পরে এ ঘটনায় মেয়ের বাবা রশিদ খান ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত করে।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন বলেন, বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে তার প্রতিবেশী ভাড়াটিয়া নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে তাদের বাড়ি থেকে নিয়ে যায়। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। পরবর্তীতে শিশুটির খোঁজ করতে গিয়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। এ সময় রশিদ খান মোবাইল ফোনে নয়নের সাথে যোগাযোগ করলে সে অসংলগ্ন কথা বলে এবং শিশুটিকে ফেরত নিতে টাকা দাবি করে। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো: নাজমুল ইসলাম বলেন, ফকিরহাটের বাহিরদিয়া থেকে রাফছা নামে ১৮ মাস বয়সী একটি মেয়েকে অপহরণ করে প্রতিবেশি নয়ন শেখ। তারা ভাড়াটিয়া হিসেবে থাকত। তাদের পরিবারের মধ্যে আসা যাওয়া চলত। সেই সুবাধে বাচ্চাটাকে তার কোলে দেওয়া হয়েছিল। পরবর্তী সময় নয়ন শেখের স্ত্রী তার কাছে দিয়ে দেয়। তাদের ইন্ধনের মাধ্যমে বাচ্চাটিকে অপহরণ করা হয়। আমরা বিকেল ৪ টার দিকে ফকিরহাট থানার মাধ্যমে জানতে পারি বাচ্চাকে অপহরণ করে খুলনা আনা হয়েছে। তাৎক্ষণিক আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি। দীর্ঘ ৬ ঘন্টা অপারেশন শেষে কৈয়া বাজার থেকে শিশু রাফছাকে উদ্ধার এবং নয়নকে গ্রেপ্তার করি। শিশুটিকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে। নয়নের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/সাগর/এনএম

