খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আজ ২১ মার্চ (শনিবার) সকাল ৭টা ৩০ মিনিটে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় মসজিদে জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। খুতবা শেষে দেশ ও জাতির কল্যাণ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান অংশ নেন। পরে উপাচার্য ও উপ-উপাচার্য জামাতে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ মুসল্লিদের সাথে ঈদের কুশল বিনিময় করেন।
জামাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, ঈদ জামাত উদযাপন কমিটির সভাপতি প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র, পার্শ্ববর্তী এলাকাবাসী ও মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/এনএম

