হঘখ (খুবি) কেন্দ্রীয় মাঠে দ্বিতীয়বারের মতো পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজন করা হয়েছে। আগামীকাল ২১ মার্চ (শনিবার) সকাল ৭টা ৩০ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হবে। এবার প্রথমবারের মতো নারীদের জন্য প্যান্ডেলের পাশেই পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, যা আয়োজনকে আরও অন্তর্ভুক্তিমূলক করেছে।
তবে আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঈদ জামাতকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠকে ইতোমধ্যে উপযোগী করে তোলা হয়েছে। মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি নির্দিষ্ট স্থানে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। পুরো মাঠজুড়ে ‘ঈদ মুবারক’ লেখা সম্বলিত ব্যানার ও পতাকা টাঙানো হয়েছে। এছাড়া খুলনাবাসীকে অবহিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন প্রচার-প্রচারণার উদ্যোগ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারসহ নগরবাসী যাতে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে জামাতে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।
এদিকে শুক্রবার (২০ মার্চ) সকালে কেন্দ্রীয় মাঠ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি মসজিদ কমিটি ও সংশ্লিষ্টদের কাছ থেকে প্রস্তুতির সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন এবং নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন
পরিদর্শনকালে উপাচার্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ খুলনাবাসীকে ঈদের জামাতে অংশ নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে নারীদের জন্য পৃথক ব্যবস্থার কথা উল্লেখ করে তাদেরও জামাতে শরিক হওয়ার আমন্ত্রণ জানান।
খুলনা গেজেট/ এনএম

