খুলনার খালিশপুরে ফায়ার সার্ভিসের সামনে কেসিসির ময়লা উত্তোলনকারী ব্যাক হুইলার লোডার-৬ গাড়ি থেকে তেল চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছে এনায়েত হোসেন বাবলু নামে এক চালক। তার সহযোগিতায় ছিলেন গাড়ির হেল্পার সুরুজ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১০ লিটার জ্বালানি তেল।
ঘটনাস্থল পরিদর্শন শেষে কনজারভেন্সী অফিসার আনিসুর রহমান জানান, বিশ লিটার ক্যান ভর্তি তেল ছিল। যার বেশিরভাগই ঢেলে ফেলে দেয় ময়লা আবর্জনার ভিতরে। তেল চুরির সময় কনজারভেন্সি বিভাগের সদস্য নুরুজ্জামান সুমন তাকে হাতেনাতে আটক করে। দীর্ঘদিন যাবত চালক বাবলু গাড়ি থেকে নিয়মিত তেল চুরি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের নির্দেশনা সুমন তার ওপর নজর রাখে। সে অনুযায়ী আজ বৃহস্পতিবার তেল চুরিকালে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় সে আলামত নষ্ট করতে তেলের ড্রাম ময়লার ভিতর ঢেলে দেয়। ঠেকাতে গেলে বাবলু ও সুরুজ দুজনে মিলে নুরুজ্জামান সুমনকে মারধর করে। এ ঘটনায় চালক বাবলুকে ক্লোজ করা হয়েছে এবং একটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানান কনজারভেন্সী অফিসার আনিসুর রহমান।
এ ব্যাপারে কথা হয় কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে। তিনি বলেন, তেল চুরির বিষয়টি সত্য । আগে থেকে তিনি অবগত হয়েছেন, সে অনুযায়ী আজ বাবলুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে । একটি তদন্ত টিম গ্রহণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসক আরও জানান।
খুলনা গেজেট/এএজে

