পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ছয়টি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর থেকে উপজেলার চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ। এছাড়া ডা. সুজন কুমার সরকার, ডা. সঞ্জয় কুমার মণ্ডল ও এসআই বিশ্বজিৎ উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাঁকা বাজারে অবস্থিত ডা. নুরউদ্দিন মেমোরিয়াল ক্লিনিককে ১০ হাজার টাকা, ফ্রেন্ডস ক্লিনিককে ৫ হাজার টাকা এবং আশা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এই তিন প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।
এ ছাড়া বাঁকা সার্জিক্যাল ক্লিনিকের মালিক গৌতম সরকার ভুয়া পদবি ও বিশেষজ্ঞ পরিচয় ব্যবহার করে রোগী দেখা এবং প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার ক্লিনিকের অপারেশন থিয়েটারও সিলগালা করা হয়।
অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের তত্ত্বাবধানে চাঁদখালীর মাইশা ডায়াগনস্টিক সেন্টার ও পিয়া ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় সেগুলো সিলগালা করে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

