খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিযুক্ত হওয়ায় তাঁকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী ও দক্ষ শিক্ষক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক। তিনি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে ফেলো হিসেবে গবেষণা করেছেন। কৃষি, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিয়ে তাঁর গুরুত্বপূর্ণ গবেষণা দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে সমাদৃত।”
তিনি আরও বলেন, “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তাঁর প্রশাসনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে তিনিই প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল করেছিলেন।”
বিবৃতিতে উপাচার্য বলেন, “প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়ালের এই নতুন দায়িত্ব খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গর্বের। আমি আশা করি, তাঁর অভিজ্ঞতা, মেধা ও দূরদর্শী নেতৃত্ব দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং জাতীয় উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সরকারের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়ালকে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি উপাচার্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়ালের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুরূপভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবীসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খুলনা গেজেট/এনএম

