বৃহস্পতিবার । ১২ই মার্চ, ২০২৬ । ২৭শে ফাল্গুন, ১৪৩২

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনে কোস্ট গার্ড অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণিকে (৩৮) অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে তাকে আটক করা হয়।

আটক হওয়া ডাকাত ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা।

দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণি কে আটক করা হয়। পরবর্তীতে আটক হওয়া ডাকাতের তথ্যের ভিত্তিতে, উক্ত এলাকায় তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন