খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার উপর আস্থা রেখে খুলনা নগরীকে পরিছন্ন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব অর্পন করেছেন, তার মর্যাদা রক্ষায় আমি সাধ্যমত চেষ্টা করব। ঈদের পরেই নাগরিক সভা আহ্বান করছি। নাগরিকদের মত নিয়েই নগরবাসীর জন্য পরিকল্পনা তৈরি করা, এটি আমি করব ইনশাল্লাহ। এইসব কাজে নাগরিক সমাজের নেতৃবৃন্দকে আমার লাগবে। খুলনা সিটি কর্পোরেশন ভালো প্রতিষ্ঠান এবং এটি দিয়ে খুলনা শহরের মানুষের গুছিয়ে সেবা করা সম্ভব। সবচেয়ে বড় সুখবর- খুলনা সিটি কর্পোরেশন যে আয় করে সেই আয়েই হয়ে যায়। গতকাল বুধবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে আমরা বৃহত্তর খুলনাবাসীর দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জুু বলেন, প্রধানমন্ত্রী জনগণের পাশে থাকতে বলেছেন। আর পাঁচটি কাজ নির্দিষ্ট করে দিয়েছেন। প্রথমটি হচ্ছে ধুলামুক্ত একটি পরিচ্ছন্ন শহর তৈরি করবেন। দ্বিতীয় কাজটি বলেছেন, গাছ লাগিয়ে শহরটাকে সবুজ করেন। তৃতীয় কাজটি ডেঙ্গু, চিকুনগুনিয়া, এডিস মশার প্রজনন কেন্দ্রগুলোকে ধ্বংস করে দিয়ে আবর্জনা পরিস্কার করেন। আরেকটি বলেছেন, আবর্জনা উন্মুক্তভাবে না রেখে এটিকে ঢেকে রাখবেন এবং এটিকে না পুড়িয়ে রিসাইকেলিংয়ের ব্যবস্থা করবেন। আরেকটি বলেছেন, শহরের ঝুলন্ত ক্যাবলগুলোকে নামিয়ে ফেলেন, বিশেষ করে নেট ক্যাবল এবং ডিস লাইন। ফলে এটি আর ঝুলিয়ে রাখা যাবে না, পাইপ লাইন দিয়ে সিটি কর্পোরেশনের ড্রেনের পাশ দিয়ে নিয়ে যান। তার জন্য কি সহযোগিতা লাগবে খুলনায় নাগরিকদের সাথে বসে, আলাপ করে তারা আর কি চায় সেটি জানেন এবং আমাকে জানান। আমি জানার চেষ্টা করছি এবং নাগরিক হিসেবে আমিও জানি। আমি কাজ শুরু করেছি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করেন উল্লেখ করে কেসিসি প্রশাসক বলেন, সবাই আমার দফতরে আসবে যে কোনো কাজে।
‘প্রধানমন্ত্রী পাঁচটি কাজ নির্দিষ্ট করে দিয়েছেন’
সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচির সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে স্বাগত বক্তৃতা করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটাঃ সরদার আবু তাহের। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক রোটাঃ সৈয়দ আবু সইদ, এ্যাড. শামীমা সুলতানা শিলু, এনটিভি’র ব্যুরো চীফ মোহাম্মদ আবু তৈয়ব, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি আশরাফ উল জামান, মহাসচিব শেখ হাফিজুর রহমান, অধ্যাপক আবুল বাসার, মোল্যা মারুফ রশিদ, গাজী সালাউদ্দিন, রকিব ফারাজি, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড. বাবুল হাওলাদার, নাগরিক ফোরামের মহাসচিব ইকবাল হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, দৈনিক জন্মভূমির উপ সম্পাদক সোহবার হোসেন, নিরাপদ সড়ক চাই-এর খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মুন্না, সিয়াম নির্বাহী সম্পাদক এ্যাড. মাসুম বিল্লাহ, নিরাপদ খুলনা চাই-এর সভাপতি বাদশা সরদার।
অনুষ্ঠানে আমরা বৃহত্তর খুলনাবাসী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম লিটন, শাহজাহান জমাদ্দার, ইঞ্জি: নাজমুল হুদা, মো. আতিয়ার রহমান, এস এম মিজানুর রহমান, নাজমুল হক মুকুল, খান হাবিবুর রহমান, এস ওয়াহিদুল রহমান বাবু, মনির হোসেন, মনোয়ার হোসেন লাভলু, আজিজুল হক, ফিরোজ আহমেদ, মল্লিক আবুল কালাম আজাদ মীর কাউসার মিজু, মো. জিনারুল ইসলাম, রুহুল আমিন মিঠু, মো. আমজাদ হোসেন, জি এম ফারুক, আরিব আহমেদ, এস কে রানা প্রমুখ। পবিত্র রমজান মাসে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম।
খুলনা গেজেট/এএজে

