খুলনায় উদ্বোধন অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার— সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোখতার আহমেদ বলেন, নারীদের অবহেলার কোনো সুযোগ নেই। প্রতি বছরের মতো এবারও সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে।
তিনি বলেন, সমাজে বৈষম্য পুরুষের সঙ্গে নয় বরং নারীদের সঙ্গেই বেশি ঘটে। তাই নারীদের কেবল মা, বোন বা স্ত্রী হিসেবে না দেখে প্রথমত একজন মানুষ হিসেবে ভাবতে হবে।
তিনি আরও বলেন, নারীদের শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। নারীদের প্রতি শুধু সমবেদনা দেখালেই হবে না, তাদের সকল অধিকার নিশ্চিত করতে হবে। প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের জন্য ‘কমফোর্ট রুম’ ব্যবস্থা রাখা হলে নারী কর্মীরা ব্যক্তিগত প্রয়োজন মেটাতে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তেমনি নিরাপদ পরিবেশে দাপ্তরিক কাজও আরও সুন্দরভাবে করতে পারবেন।
খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। পরে তার নেতৃত্বে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে নারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
খুলনা গেজেট/এএজে

