খুলনার আলোচিত নিখোঁজ ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজনকে রহস্যজনকভাবে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দিনগত গভীর রাতে তাকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকার একটি মসজিদ থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান।
তিনি এ প্রতিবেদককে বলেন, মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাতে ভাঙ্গা থেকে এক ব্যক্তি কল দিয়ে জানায়, একটি মসজিদ থেকে ছেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে খুলনায় আনা হবে। বর্তমানে সুজনকে ঢাকার বাড়িতে রাখা হয়েছে।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন এ মুহুর্তে তার বিশ্রামের প্রয়োজন। সুস্থ হলে তাকে খুলনায় আনা হবে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলেও সুজনের বাবা জানান।
খুলনা পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন এ প্রতিবেদককে জানান, সকালে সুজনের বাবা কাজী আব্দুস সোবহান ফোন করে ছেলের উদ্ধার হওয়ার বিষয়টি অবগত করেছেন। তবে সে কিভাবে উদ্ধার হল এ বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।

