মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

খুলনার সাবেক এমপি মিজানের জামাই নিখোঁজ, দুই দিনেও মেলেনি সন্ধান

নিজস্ব প্রতিবেদক

দুই দিনেও সন্ধান মেলেনি খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের জামাই ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজনের। ছেলের নিখোঁজের বিষয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান।

এর আগে, শনিবার নগরীর টাউন জামে মসজিদে নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হন সুজন। কিন্তু নামাজ শেষে আর বাড়ি ফিরে যাননি তিনি। তার সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানা গেছে।

নিখোঁজ সুজনের বাবা কাজী আব্দুস সোবহান বলেন, শনিবার রাত ৮টার দিকে তারাবি নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয় সুজন। নামাজ আদায় করে সে কাস্টমঘাট এলাকার দিকে যায়। পরবর্তীতে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছি। পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থাও বিভিন্ন স্থানে খোঁজ নিচ্ছে।

তিনি আরও বলেন, ছেলে সুজন আমার ব্যবসা দেখাশোনা করে। তার কোনো শত্রু নেই। ছেলের সন্ধান চেয়ে রোববার খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছি।

খুলনা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সুজনের সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা তার খোঁজ নিতে বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছি। ঘটনার দিন আশপাশের বিভিন্ন বাড়ির সিসি ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, নামাজ আদায় করে সুজন কাস্টমঘাট এলাকার দিকে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। তার সন্ধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন