খুলনায় সোহেল ওরফে চেগা সোহেল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে নগরীর মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে ঘটনাটি ঘটে। রাতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত যুবক ওই এলাকার শাহাদতের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। মাদক কারবারের সাথে জড়িত। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ একটি গ্রুপ তাকে গুলি করে হত্যার চেষ্টা করে।
খুলনা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সোহেলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি করে। একটি গুলি তার কোমরের বাম পাশে বিদ্ধ হয়। রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়।
তিনি আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
খুলনা গেজেট/এনএম

