বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

১৯ বছরের অধিক সময় আত্নগোপনে থাকা ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৯ বছরের অধিক সময় আত্নগোপনে থাকা ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।সে মামলার হওয়ার পর থেকে নিজের নাম পরিবর্তন করে চট্টগ্রাম জেলার মীরেরসরাই থানা ও কুমিল্লার দাউদকান্দি থানা এলাকায় দুলাল মিস্ত্রি নামে আত্নগোপন করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২০০৩ সালের ১৫ জুলাই বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানা এলাকায় পূর্ব শত্রুতার জের হিসেবে আসামী বেলাল ফরাজীসহ তার সহযোগী আসামীরা স্থানীয় জাফর জোয়াদ্দারকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। এ সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-১১, তাং-১৬/৭/২০০৩ইং। দীর্ঘ বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত গত ২০১৪ সালের ২৬ জুন মামলার আসামীদের মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। বিষয়টি র‌্যাব-৬ এর নজরে আসলে র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায়  সোমবার (৯ মে) র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বেলাল ফরাজী কুমিল্লা জেলার দাউদকান্দি থাকা এলাকায় আত্নগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ১০ মে  কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী বেলাল ফরাজী, পিতা-মৃত আব্দুল মজিদ ফরাজী, সাং-পূর্ব বহরবুনিয়া, থানা-মোড়েলগঞ্জ জেলা-বাগেরহাটকে গ্রেপ্তার করে।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ও আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী বেলাল ফরাজী মামলার হওয়ার পর থেকে নিজের নাম পরিবর্তন করে চট্টগ্রাম জেলার মীরেরসরাই থানা ও কুমিল্লার দাউদকান্দি থানা এলাকায় দীর্ঘ ১৯ বছরের অধিক সময় দুলাল মিস্ত্রি নামে আত্নগোপন করে।

আসামীকে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন