বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

খুলনা বিভাগে চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু, কমেছে শনাক্ত

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা বিভাগে বেড়েছে করোনায় মৃতের সংখ্যা, কমেছে শনাক্ত। গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩২০ জনের।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার বিভাগে ৪৬৪ জনের করোনা শনাক্ত এবং ৫ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- নগরীর দোলখোলা এলাকার আদি সাহা (৭২), বাগেরহাট কচুয়ার মুনসুর আলী (৭০) ও নগরীর টুটপাড়ার হেনারা (৬২)।

এছাড়া হাসপাতালে সকাল ৯ টা পর্যন্ত ৪৭ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ২৩ জন, ইয়ালোজোনে ১৮ জন এবং আইসিইউতে ৬ জন চিকিৎসাধীন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় যশোরের কেশবপুরের আসাদুজ্জামান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ১৯ জন রোগি ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে চারজন এবং এইচডিইউতে একজন চিকিৎসাধীন।

গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ৬ জন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে এক দিনে মৃতের সংখ্যায় শীর্ষে খুলনা। এদিন বিভাগের মধ্যে খুলনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নড়াইলে দুইজন এবং সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে মারা গেছেন। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে সংখ্যা ৩২০ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া। এই জেলায় সর্বোচ্চ ৬৪ জনের শনাক্ত হয়েছে। আর খুলনায় ৬২ জন ও যশোরে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া সাতক্ষীরায় ২৪ জন, ঝিনাইদহে ২২ জন, বাগেরহাটে ২৫ জন, নড়াইলে ২৭ জন, মাগুরায় ৫ জন, চুয়াডাঙ্গায় ২৭ জন ও মেহেরপুরে ২০ জনের শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৪২ জন।

স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৬ হাজার ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ১৭২ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২৪৭ জন।

শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৭২ জন।

এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮২৫ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরা ও মাগুরায় ৯১ জন করে।

 

খুলনা গেজেট/এনএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন