যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সীমান্ত পরিস্থিতি ও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে বেনাপোল সফরে ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সফরকালে বেনাপোল বাজার এলাকায় পৌঁছালে তার গাড়ি বহর লক্ষ্য করে আকস্মিকভাবে হামলা চালানো হয়। হামলার সময় বহরে থাকা গাড়িগুলোকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের কেন্দ্রীয় নেতারা নিরাপদে ছিলেন বলে নিশ্চিত করেছে দলটি।
হামলার পরই ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থান নেয়। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, হামলার পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এক ফেসবুক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়ি বহরে হামলার বিষয়টি জানিয়েছেন।
খুলনা গেজেট/এএজে

