বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস (আনলোড) করার সময় ক্রেনের সিলিং তার ছিঁড়ে শাহজাহান আলী (৫৬) শ্রমিকের মৃত্যু হয়েছে। সোহেল হোসেনকে (৫২) আহত অপর শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার সময় স্থলবন্দরের টিটিআই মাঠে এ ঘটনা ঘটে।
নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার বেনাপোল (পাঠবাড়ি) গ্রামের আফতাবের ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। এরা দুইজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় স্থলবন্দরের টিটিআই মাঠে লোহার সিট ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে আনলোড করার সময় ক্রেনের দড়ি (সিলিং তার) ছিঁড়ে শাহজাহান আলী (৫৬) ও সোহেল হোসেনকে (৫২) দুইজন শ্রমিক আহত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে শাহজান আলীর মৃত্যু হয়। সোহেল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা বন্দরের দুইজন শ্রমিককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় পথিমধ্যে শাহাজান আলীর মৃত্যু হয়েছে। অপর শ্রমিক সোহেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্র্যাফিক) পলাশ হোসেন বলেন, অসাবধানতাবশত: ক্রেনের তার ছিঁড়ে বন্দরের দুইজন শ্রমিক আহত হয়। এর মধ্যে একজন মারা গেছেন। আর একজন চিকিৎসা ধীর আছেন। আমরা খোঁজ নিচ্ছি।

