বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

যশোরে ফিলিং স্টেশনে তেল নিয়ে মারপিট, আহত ১

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের চাঁচড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে দুই জনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে সুমন হোসেন নামে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আকিজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত সুমন হোসেন যশোর সদর উপজেলার মন্ডলগাতী এলাকার মোতালেবের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নামও সুমন, তিনি শহরের রেলগেট এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার জন্য পাম্পে সিরিয়ালে দাঁড়িয়ে ছিলেন ভিকটিম সুমন। এসময় অভিযুক্ত সুমন তাকে বাইক সরাতে বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে হামলা চালালে ভিকটিমের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

ঘটনার পরই ফিলিং স্টেশনের কর্মচারীরা আহত সুমন হোসেনকে উদ্ধার করে পার্শ্ববর্তী আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা। পরবর্তীতে পাম্প কর্তৃপক্ষ এবং স্থানীয়রা ভিকটিম ও অভিযুক্ত— উভয়কেই যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেন।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন