যশোর শহরের চাঁচড়া আদ্-দ্বীন সখিনা হাসপাতালের সামনে পানির পাইপ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার নজরুল ইসলাম এবং তাঁর ছেলে আবির । তাঁরা দু’জন পেশায় পাইপ লাইনের মিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আদ্-দ্বীন সখিনা হাসপাতালের সামনে জনৈক শহিদুল ইসলামের বাড়িতে পাইপ লাইনের কাজ করছিলেন নজরুল ও আবির। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে তাঁরা দুজনেই দগ্ধ হন। পরে বাড়ির মালিক শহিদুল ইসলাম তাঁদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা গেজেট/এনএম

