যশোরের অভয়নগরের একটি ইটভাটায় মীম নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে সাপের কামড়ে মৃত্যুর দাবি করা হলেও মরদেহে কোনো দংশনের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে অভয়নগরের প্রেমবাগ এলাকার ‘এসএবি’ ইটভাটায় এ ঘটনা ঘটে।
মৃত মীম খুলনার কয়রা উপজেলার হুগলা গ্রামের সুজন হোসেনের মেয়ে। তিনি তাঁর স্বামীর সঙ্গে ওই ইটভাটায় কাজ ও বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন ভোরে ইটভাটায় ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দিয়েছে বলে স্বজনদের জানানো হয়। তাৎক্ষণিকভাবে স্বামী তাঁকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মীমকে মৃত ঘোষণা করেন।
তবে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের শরীরে সাপে কামড়ানোর কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি।

