বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে ‘হাম ওয়ার্ড’

নওয়াপাড়া প্রতিনিধি

চলমান পরিস্থিতিতে যশোরের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে হাম ওয়ার্ড। চলতি বছরের শুরু থেকে দেশজুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে ৪১ শিশুর মৃত্যু হয়েছে এমন খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। চলমান এ পরিস্থিতি বিবেচনায় যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হাম ওয়ার্ড’ চালু করা। ১ এপ্রিল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীমুর রাজীব।

সরেজমিন দেখা যায়, সরকারি এ হাসপাতালের দ্বিতীয় তলায় হামে আক্রান্ত রোগীদের জন্য ‘হাম ওয়ার্ড’ নামে একটি কেবিনে চারটি বেডের ব্যবস্থা করা হয়েছে। সেখানে রয়েছে অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য সরঞ্জাম।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) লাভলী আক্তার জানান, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে শামীম গাজী (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র তীব্র জ্বর ও শরীরে ব্যথা নিয়ে তার মায়ের সঙ্গে হাসপাতালে আসে। শিশুটির মুখের ভেতর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনা ঢাকার মহাখালী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হবে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের কোনো রোগী এর আগে আসেনি।

লাভলী আক্তার আরও জানান, অভয়নগরে ২০২৪ সালে ৯১ শতাংশ, ২০২৫ সালে ৭৮ শতাংশ এবং ২০২৬ সালের জানুয়ারি মাসে ১৬৬ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

অসুস্থ শিশু শামীম গাজীর মা হ্যাপি খাতুন জানান, তাদের বাড়ি পায়রা ইউনিয়নের বারন্দি গ্রামে। রাতে তীব্র জ্বর ও শরীর জুড়ে ব্যাথাসহ হামের লক্ষণ মনে হওয়ায় ছেলেকে হাসপাতালে এনেছেন। ডাক্তারি পরীক্ষা শেষে তার ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সার্বিক বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীমুর রাজীব বলেন, “৩১ মার্চ ‘মঙ্গলবার থেকে হাসপাতালের দ্বিতীয় তলায় হাম ওয়ার্ড চালু করা হয়েছে। একটি কেবিনে চারটি বেডের ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি শুরুত্বের সঙ্গে বিবেচনা করে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন