যশোরসহ আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা আলোচিত চরমপন্থী নেতা নাসির শেখ গোফরান অবশেষে আটক হয়েছে। জেলার অভয়নগরসহ আশেপাশের এলাকায় আতঙ্কের নাম ছিল এই গোফরান। তার সঙ্গে সহযোগী সোহেল রানাকেও আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১৬ মার্চ) দুপুরে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, গোফরান ‘বিপ্লবী কমিউনিস্ট পার্টি’-এর নেতা পরিচয়ে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলে যশোর, খুলনা ও নড়াইল জুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির রাজত্ব চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও চাঁদাবাজিসহ ২০টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে ১১টি মামলায় ছিল গ্রেপ্তারি পরোয়ানা। সহযোগী সোহেল রানার বিরুদ্ধেও ৭টি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, গত ১ মার্চ গভীর রাতে অভয়নগরের গোপিনাথপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে গোফরান বাহিনী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নগদ ২০ হাজার টাকা, মোটরসাইকেল, ল্যাপটপ ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী চক্রটির দিকে নজর রাখে এবং ব্যাপক অভিযান শুরু করে। ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে শনিবার খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রাম থেকে তাদের আটক করে। এ সময় গোফরানের কাছ থেকে একটি ইয়ামাহা মোটরসাইকেল ও ল্যাপটপ এবং সোহেল রানার কাছ থেকে একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
খুলনা গেজেট/এএজে

