বৃহস্পতিবার । ১২ই মার্চ, ২০২৬ । ২৭শে ফাল্গুন, ১৪৩২

অভয়নগরে ৩৫টি দোকান আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগর উপজেলার নওদাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত দু’টার দিকে বাজারের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত দু’টার দিকে নওদাপাড়া বাজারের কাঠপট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে একে একে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার জন্য পুরো বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে সেগুনসহ বিভিন্ন ধরনের সাইজ কাঠ ও তৈরি আসবাবপত্র মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তাদের ধারণা, ক্ষতির পরিমাণ তিন কোটি টাকার বেশি হতে পারে।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন