যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে একটি ফিলিং স্টেশনসহ তিনজন ব্যবসায়ীকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (৮ মার্চ) বিকেল ৩টার দিকে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ সলুয়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ তেল উদ্ধার করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তার গুদাম থেকে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করা হয়।
এছাড়া ওজন ও পরিমাপ আইনে রুহুল আমিন নামে অপর এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, বিকেল ৪টার দিকে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। সেখানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ফিলিং স্টেশনের ম্যানেজার গোলাম মোস্তফাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, ওই ফিলিং স্টেশনের তেলের মান নিয়ে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল এবং এ বিষয়ে স্থানীয় পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছিল।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ জানান, জব্দ করা জ্বালানি তেল মিনা ফিলিং স্টেশন ও আরএস ফিলিং স্টেশনে সংরক্ষণ করা হয়েছে। এই তেল ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
অভিযানকালে মেট্রোলজির পরিদর্শক সাব্বির আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমএনএস

