যশোর রেলস্টেশন এলাকায় ভোররাতে নাহিদ পাটোয়ারী নামে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় স্টেশনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
নাহিদ শহরের চাঁচড়া রেলগেট পশ্চিমপাড়ার হোসেন পাটোয়ারীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার ভোরে সেহরি খাওয়ার উদ্দেশ্যে নাহিদ স্টেশনের একটি হোটেলে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী রকি ও তার কয়েকজন সহযোগী নাহিদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা নাহিদকে জাপটে ধরে এবং রকি তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। নাহিদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নাহিদের মা জোহরা বেগম জানান, রকির সাথে তার ছেলের আগে থেকেই শত্রুতা চলে আসছিল। তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রকি ও নাহিদের মধ্যে ব্যবসায়িক লেনদেন ও অনৈতিক বিষয় নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। সেই আর্থিক ও ব্যবসায়িক বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
খুলনা গেজেট/এএজে

