শনিবার । ৭ই মার্চ, ২০২৬ । ২২শে ফাল্গুন, ১৪৩২

অভয়নগরে অস্ত্রসহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন

নওয়াপাড়া প্রতিনিধি

​যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নে অস্ত্রসহ দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাত সোয়া ১২টায় ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে গ্রামবাসীর ‘পাহারা’ চলাকালীন এ ঘটনা ঘটে। আটককৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। ​

স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামবাসী রাতে এলাকায় চুরি ও অপরাধ কর্মকান্ডরোধে রোধে নিয়মিত পাহারার দিচ্ছিলেন। রাত সোয়া ১২টায় পেরোলী হতে ধুলগ্রাম অভিমুখী একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পাহারাদাররা সেটিকে থামানোর সংকেত দেয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই যুবক পাহারাদারদের ওপর চড়াও হয় এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে।

​তাৎক্ষণিকভাবে পাহারাদাররা সাহসিকতার সাথে তাদের ঝাপটে ধরে ফেলে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী জড়ো হয়ে দুষ্কৃতিকারীদের গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। ​পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই আসামিকে গ্রেফতার করে। আটককৃতরা হলেন ইব্রাহিম সরদারের পুত্র মোঃ রিয়াজ ওরফে সূর্য সরদার (২৮) এবং মোস্তফা সরদারের পুত্র শাকিল সরদার (২৫)।

উভয় আসামি অভয়নগর উপজেলার ধুলগ্রামের বাসিন্দা।

​তল্লাশিকালে ১নং আসামি রিয়াজ ওরফে সূর্যের নিকট থেকে ম্যাগজিন ব্যতীত ১টি নাইন এমএম পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ​ঘটনার সময় আসামিদের পক্ষ নিয়ে কথা বলায় এবং উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করায় ইছামতি গুচ্ছগ্রামের আব্দুল আলীর পুত্র মোঃ রবিউল মোল্লা (২২) নামে অপর এক যুবককে জনতা মারধর করে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আসামিদের নিজেদের হেফাজতে নেয়। গণপিটুনিতে গুরুতর আহত হওয়ায় আসামিদের চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

​পুলিশ জানিয়েছে, উক্ত ঘটনা সংক্রান্তে আইনগত কার্যক্রম এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন