এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে যশোরে এক ওষুধ ব্যবসায়ী অপহরণ করা হয়েছে।
সোমবার (২ মার্চ) দিনগত রাত পৌনে ১০ টায় তাকে অপহরণ করা হয়। অপহৃত ওই ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৪৮)। তিনি ঝিনাইদহের শৈলকুপার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে।
জাহাঙ্গীর আলমের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, অপহৃত জাহাঙ্গীর সোমবার রাতে দোকান বন্ধ করে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলে করে শহরতলীর খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকারে কয়েকজন এসে গতিরোধ এবং তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পরে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত ফোন নম্বর ০১৭১৮৮০২৬৪৭ থেকে রাত ১০ টার দিকে তার স্ত্রীর ফোনে কল করে ১ কোটি টাকা মুক্তিপন দাবি করা হয়। নইলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
যশোর কোতয়ালি থানার ইনস্পেকটর (তদন্ত) কাজী বাবুল জানান, এ বিষয়ে তারা অভিযোগ পেয়েছেন। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের জন্য তারা নানামুখী পুলিশি তৎপরতা চালাচ্ছেন।
খুলনা গেজেট/এমএনএস

