শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

যশোরে পার্কিং করা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের বাহাদুরপুরের নিমতলা এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১টার দিকে কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আগুনে ঢাকা মেট্রো-ব-১৪-২০৯৮ নম্বরের বাসটি পুড়ে ভেতরে থাকা অধিকাংশ মালামাল ভস্মীভূত হয়ে যায়। এ গাড়িটির পাশেই রাখা আরেকটি বাসও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসের মালিক আবু বক্কর সিদ্দিকি বেলাল জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ভোটের সময় বাসটি দলীয় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন বাসটির ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বিএনপি নেতা রুহুল হোসেনসহ অন্য নেতাকর্মীরা দাবি করেন, আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে বাসটিতে অগ্নিসংযোগ করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, খবর পেয়ে রাতেই তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, নাকি সিগারেট বা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন